রাজধানীতে ডিবির পৃথক অভিযানে গ্রেফতার ২৪

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ২০:২৯
 
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১৮জন হচ্ছে  অজ্ঞান পার্টি ও ৬ জন ডাকাত সদস্য।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তারা জানান, পুলিশের গোয়েন্দা বিভাগ ও রাজধানীর বিভিন্ন থানার পুলিশ কখনো এককভাবে আবার কখনো যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে।
 
শনিবার রাত থেকে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান থানার কলাবাগান আন্তজেলা হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলেন আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল। এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১৪টি চেতনানাশক ট্যাবলেট, ৫টি মানিব্যাগ ও ৬টি ব্লেড উদ্ধার করা হয়।
 
মহানগর পুলিশের পৃথক ৬ অভিযানে গুলিস্থানসহ বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলেন—নিয়ামুল শরীফ আহাম্মেদ, মো. আল আমিন, কবির আকন, কালু মিয়া, সাদ্দাম, আলমগীর হোসেন, আলম ওরফে শাহআলম, হাফিজ মিয়া ওরফে টুকু ও বিল্লাল ব্যাপারী।
 
এ সময় মোস্তাকিম নামে একজন ভুক্তভোগী এবং ১০০টি নেশাজাতীয় এটিভেন-২ ট্যাবলেট ও ১টি চুরি করা সিএনজি উদ্ধার করা হয়। এ ছাড়া, যাত্রাবাড়ী থানার বাসটার্মিনাল এলাকা থেকে অজ্ঞান পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন—সুমন, সোহেল, সাইফুল ও রকিব। তাদের কাছ থেকে ৫০টি ট্যাবলেট ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
 
অপর দিকে, গত শনিবার রাত সাড়ে ১০টায় দিকে রাজধানীর হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে ঝিলপাড় থেকে ডাকাত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছুরি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। এরা মগবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে—মোক্তার হোসেন, সোহেল, মাসুম, আরেফিন, লুত্ফর রহমান ও আতিয়ার রহমান।
 
ডিবি পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানান—প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সাধারণত দূরপাল্লার গাড়িগুলোকে টার্গেট করে। গ্রেফতারকৃতরা কলাবাগান বাস স্ট্যান্ড থেকে একা বাসে ওঠা যাত্রীকে অনুসরণ করে। পরে কথাবার্তা বলে খাতির জমিয়ে পিঠা বা অন্যান্য খাবার সরবরাহ করে। কখনো কখনো বাসে দেয়া পানির বোতল কৌশলে বদলে দিয়ে তারা চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে যাত্রীর মালামাল লুটে নেয়।
 
অপর দিকে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে ডাব, শরবত, কোমল পানীয় অথবা চায়ের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে যাত্রী অথবা সিএনজি-চালিত অটোরিকশাচালকদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। তারা টার্গেট হিসেবে সিএনজি-চালিত অটোরিকশাচালক ও বাসযাত্রী ছাড়াও বর্তমানে কোরবানির ঈদ উপলক্ষে গরু ব্যবসায়ীদের বেছে নেয়।