বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া মারা গেছেন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪০
 
ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রবিবার রাতে কলকাতায় বিএম বিরলা হাসপাতালে হাসপাতালে তিনি মারা যান।
 
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় ডালমিয়ার। সাথে সাথে তাকে বিএম বিরলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
 
হাসপাতালে তার হৃদপিণ্ডে অ্যানজিওপ্লাস্টি করা হয়। এর পরের তিন দিন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা জানিয়েছিল হাসপাতাল সূত্রগুলো। ভারতের স্থানীয় সময় রবিবার রাত সাড়ে নয়টার পর ডালমিয়ার মৃত্যুর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
 
IMG0
 
অসুস্থ ডালমিয়াকে দেখতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি তার বেহালার বাসা থেকে ছুটে যান। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
 
গত ৩৬ বছর ধরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সঙ্গে ছিলেন ডালমিয়া। ১৯৮৩ সালে সংস্থাটির কোষাধ্যক্ষ হন তিনি। এর পর ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডালমিয়া। বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসতেন তিনি। তিনি প্রেসিডেন্ট থাকাকালেই ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে।
 
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সূত্র: এনডিটিভি