চরমোনাইয়ের নমুনায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল বৃহস্পতিবার বাদ জোহর চরমোনাইয়ের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (দা. বা.)-এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহপ্রদত্ত শরীয়ত ও রাসূলে খোদা (সা.)-এর তরীকা অনুসরণ না করে অলী হওয়া যায় না। অনেকে মনে করেন, শুধু তাসবীহ-তাহলীল ও পীর-মুরীদী করলেই মানুষ অলী হয়ে যাবেন। সমাজ, রাষ্ট্র, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে।
চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য সম্পর্কে হযরত পীর সাহেব চরমোনাই (দা. বা.) বলেন, চরমোনাই প্রচলিত কোনো দরবারি পীরপ্রথা নয়। নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, ছেলে-মেয়ের বিয়ে হয়ে যাওয়া, মামলা-মোকদ্দমায় জয়লাভের উদ্দেশ্যে চরমোনাইয়ের তরীকায় এসে কোনো লাভ হবে না। এসব ক্ষমতা কোনো পীরের হাতে নেই। সব সমস্যার সমাধান যার হাতে, যিনি দাতা সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে দেওয়াই চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য। পীর সাহেব হুজুর (দা. বা.) বলেন, সমাজ, রাষ্ট্র ও বাণিজ্যসহ মানব-জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সর্বোত্তম ও সুন্দর নীতি-আদর্শ উপহার দিয়েছে। বৈরাগ্য, সন্ন্যাসব্রত ও শুধু তাসীবহ-তাহলীলে লিপ্ত থাকার নামই ধর্ম নয়, এটি ধর্মের অপব্যাখ্যা। শত্রুদের প্রপাগান্ডা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে পীর সাহেব হুজুর সতর্ক করেন।
মাহফিলে আরও বয়ান পেশ করেন ঢাকা ইসলামী একাডেমির পরিচালক হযরত মাওলানা মুফতী হেদায়তুল্লাহ আজাদী, মাওলানা শেখ আমজাদ হোসাইন, মাওলানা সিরাজুল ইসলাম জিহাদী, মাওলানা হাবিবুর রহমান আতিকী, মাওলানা মুফতী ইবরাহীম আনোয়ারী, মাওলানা কামাল উদ্দীন সাকী প্রমুখ।
