জনগণের ম্যান্ডেট আমাদের সঙ্গে আছে : সিপ্রাস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫১

গ্রিসের বামপন্থী দল সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস নির্বাচনে জিতে বলেছেন তার দলের প্রতি জনগণের পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা গ্রিসের পুনর্গঠনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করছেন তিনি।


মোট ভোটের ৩৫ শতাংশ পেলেও সিরিজা পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কর বৃদ্ধি ও পেনশন সংস্কার নিয়ে দলের বিবাদের জের ধরে সিরিজা সরকারের পতন ঘটে। তবে গ্রিসে বছরের তৃতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে দলের উপর জনগণের আস্থা রয়েছে বলেই মনে করেন সিপ্রাস। দেশটির গত দেড়শো বছরের ইতিহাসের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী ৪১ বছর বয়সী সিপ্রাস জয় নিশ্চিত হওয়ার পরে বলেন, সিরিজা প্রমাণ করেছে যে এটি সহজে শেষ হয়ে যাবে না। গ্রিসের মানুষ আমাদের কাজ চালিয়ে যাওয়ার পূর্ণ সমর্থন দিয়েছে।


স্পষ্ট জয়ের সুবাতাস পাওয়ার পর এথেন্স স্কোয়ারে সমর্থকদের উদ্দেশে এক বক্তৃতায় সিপ্রাস বলেন, শক্তি ও সম্মানের দিক থেকে ইউরোপ, গ্রিস ও গ্রিসের মানুষ এখন সমান। আগামী পুরো চার বছর আমরা একসাথে লড়াই করব। সিপ্রাস ৮৫ বিলিয়ন ইউরো বেইল আউট নিয়ে তার পরিকল্পনার কথা স্পষ্ট করে না বললেও সিরিজা পার্টির প্রচারে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ছিল। সিপ্রাস বলেন, আমাদের সামনে কঠিন পথ, কিন্তু আমাদের পায়ের তলায় শক্ত ভিতও আছে। আমরা জানি, কোথায় পা ফেলতে হবে। আমাদের সম্ভাবনা আছে। জাদুকরীভাবে সঙ্কট থেকে উত্তরণ হবে না। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে হবে। নতুন সরকার গঠনের পর সিপ্রাসের প্রথম কাজ হবে পরবর্তী বেইল আউটের জন্য ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সমর্থন আদায় করা। আগামী মাসে এই বেইল আউট পর্যালোচনা করার কথা।

IMG0

গ্রিসের সঙ্কট মোকাবেলায় এরই মধ্যে নতুন সরকারের সঙ্গে মিলে কাজ করার ইচ্ছে জানিয়েছেন ডাচ অর্থমন্ত্রী ইয়েরন ডাইসেব্লুম। তবে ইউরোপের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দেওয়া শরণার্থীর ঢেউ সামলানোর কাজটিও ভালোভাবে করতে হবে সিপ্রাসকে। কারণ সাগরভাসা হাজার হাজার মানুষের ইউরোপে ঢোকার অনেকগুলো পথের একটি এই গ্রিস। শরণার্থী সঙ্কট নিয়ে বুধবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে সিপ্রাসেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বিবিসি ও এএফপি