আস্থার প্রতিদান দিচ্ছেন অ্যান্থনি মার্শাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩০

তরুন স্ট্রাইকার এ্যান্থনি মার্শালের জোড়া গোলে সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।


হ্যাম্পশায়ারের সেন্ট মেরি’স স্টেডিয়ামে ১৩ মিনিটে গ্রাজিয়ানো পেল্লে স্বাগতিকদের এগিয়ে দেবার পরে বিরতির আগে ও পরে দুই গোল করে মার্শাল ইউনাইটেডকে রক্ষা করেন। গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচেও এক গোল করেছিলেন ১৯ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। ৬৮ মিনিটে তৃতীয় গোল করে হুয়ান মাতা ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। তবে ম্যাচ শেষের চার মিনিট আগে পেল্লে দ্বিতীয় গোল করে সাউদাম্পটনের আশা জাগিয়ে তুলেছিলেন। এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো লুইস ফন গালের দল।

 

IMG0


ইউনাইটেড জয় পেলেও লিভারপুলের পয়েন্ট হারানোর ধারা অব্যাহত রয়েছে। ঘরের মাঠে তারা নরউইচের সাথে রোববার ১-১ গোলে ড্র করেছে। এই নিয়ে টানা চার ম্যাচ অল রেডরা জয়হীন থাকলো।  এই ড্রয়ে সিটির থেকে সাত পয়েন্ট পিছিয়ে ব্রেন্ডন রজার্সের দল এখন ১৩তম অবস্থানে রয়েছে। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। গোল ডটকম