বাংলাদেশ জাতীয় ফুটবল দল কম্বোডিয়ার বিপক্ষে আগামীকাল শনিবার ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের মোকাবিলায় গতকাল জোর অনুশীলন চালিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে এ তথ্য জানা যায়।
গত বুধবার ২৩ ফুটবলারকে নিয়ে বাংলাদেশ দল কম্বোডিয়া পৌঁছায়। কম্বোডিয়ার রাজধানী নমপেনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় দলটিকে ঘুচিয়ে নিতে পারেননি। কিন্তু প্রাপ্ত খবরে বোঝা যায় সেখানে তিনি দলটিকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।
ভ্রমণ ক্লান্তির জন্য বাংলাদেশ দল অবশ্য গতকাল সকালে অনুশীলনের পরিবর্তে বিশ্রামে কাটায়। পরে দুপুরের দিকে হালকা অনুশীলন করে। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর বিশ্রাম নিয়ে পুরো মাত্রার অনুশীলন চালায় জাতীয় দল। এ অনুশীলন চলে দুই ঘণ্টা ধরে।
স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে আজও নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাবে কোচ জেমি ডের দল। তবে সেখানকারও আবহাওয়া বেশ গরম। বাফুফে গতকাল অনুশীলনের যে ছবি পাঠায় তাতেও দেখা যায় ফুটবলাররা মাঠে ক্লান্ত হয়ে ঠান্ডা পানি পান করছেন।
গত সন্ধ্যায় অ্যাকুওয়েদারডটকমে নমপেনের তাপমাত্রা দেখা গেছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। কাজেই বাংলাদেশের কিছুটা শীতার্ত আবহাওয়া থেকে হঠাত্ গরমের মধ্যে পড়া কিছুটা প্রতিকূলতা তৈরি করতে পারে খেলোয়াড়দের জন্য।
জাতীয় দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১০ অক্টোবর। সেটি ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। সে হিসেবে দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে জাতীয় দল। কোচ অবশ্য ঢাকা ছাড়ার আগে জয়ের আকাঙ্ক্ষার কথা বলে গেছেন।
পেশাদার লিগের মাঝখান থেকে খেলতে যাওয়ার কারণে দলটির ফিটনেসকে ঘিরে কোনো সংশয় নেই। গত বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাওয়ার আগে লিগটি একটানা চলেছে। ক্লাব ফুটবলে খেলোয়াড়রা কঠিন অনুশীলনেই ছিলেন। তাই ফিটনেস নিয়ে কোনো রকমের দুর্ভাবনা নেই খেলোয়াড় ও কোচের।
কম্বোডিয়া ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চাইতে ২০ আসন উপরে। সর্বশেষ র্যাংকিংয়ে দেশটি আছে ১৭২তম স্থানে। বিপরীতে বাংলাদেশের স্থান ১৯২। বাংলাদেশ দল এ খেলায় ভালো করে নিজেদের র্যাংকিংয়ে উন্নতির জন্যও কাজ করতে চায়।
এ ব্যাপারে ইতিহাসও আনুকুল্য দিচ্ছে বাংলাদেশকে। কম্বোডিয়ার বিরুদ্ধে এর আগে যে তিনবার খেলা হয়েছে তার দুটিতে জিতেছে বাংলাদেশ। একটি ড্র হয়েছে।
কম্বোডিয়ার জন্য বাংলাদেশ দল
গোলকিপার সোহেল, আশরাফুল রানা, জিকো, ইয়াসিন খান, তপু, বাদশা, বিশ্বনাথ, রহমত, মানিক, সুশান্ত, বিপলু, ফাহাদ, সোহেল রানা, জামাল ভুইয়া, রবিউল, ইমন বাবু, জনি, রুবেল, জীবন, সবুজ, মতিন মিয়া, ইব্রাহিম, সুফিল।
