ইতিহাস গড়ে শেষ আটে ম্যানইউ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২৭

ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার শেষ ষোলয় পিএসজির মাঠে ৩-১ গোলে জিতে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের মাঠে প্রথম লেগে দুই গোলে হারার পরেও কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা ‘অ্যাওয়ে গোল’ সুবিধা নিয়ে শেষ আট নিশ্চিত করে।

দুই গোলের ঘাটতি নিয়ে প্যারিসে আসা  ইউনাইটেডকে পরের রাউন্ড নিশ্চিত করতে পিএসজির মাঠে কমপক্ষে তিন গোল করতেই হতো। দ্বিতীয় মিনিটে স্বাগতিক রক্ষণের ভুলে রোমেলু লুকাকু গোল করে দলকে এগিয়ে দিলে কোয়ার্টার ফাইনালে ওঠার বিশ্বাসটা আরও জোরালো হয় ইউনাইটেডের। এর মিনিট দশেক পর হুয়ান বার্নাটের গোলে পিএসজি সমতায় ফিরলেও ৩০ মিনিটে লুকাকু আবার এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে।

এ গোলের পরও দুই লেগ মিলিয়ে পিছিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু যোগ হওয়া সময়ে আশা ফিকে হয়ে আসার সময়েই ভিএআর (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) এর কল্যাণে পেনাল্টি পায় সফরকারীরা। দলের পেনাল্টি বিশেষজ্ঞদের অনুপস্থিতিতে শট নিতে আসেন তুলনামূলক বিচারে  অনভিজ্ঞ মার্কাস র্যাশফোর্ড। তিনি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফিরলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার কারণে লক্ষ্য পূরণ হয় ইউনাইটেডের।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে প্রথম লেগে দুই কিংবা তারও বেশি গোলে হারার পরেও পরের পর্ব নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। অপর দিকে টানা তৃতীয়বারের মত শেষ ষোলর প্রথম লেগে এগিয়ে গিয়েও বিদায় নিতে হলো পিএসজিকে। বিগত বছরগুলোয় চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে প্রথম লেগে পিছিয়ে পড়েও দারুণ সব প্রত্যাবর্তনের গল্প লিখেছে অনেক দল। এক মৌসুম আগে বার্সেলোনা, গেল মৌসুমে রোমা কিংবা আগের রাতেই আয়াক্স প্রথম লেগের ঘাটতি দ্বিতীয় লেগে পুষিয়ে পরের রাউন্ডে পা রেখেছিল। তাই নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলের হার সত্ত্বেও অসাধারণ কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সোলসার। 

এমন প্রত্যাবর্তনের গল্প লিখে ইউনাইটেড কোচ তীব্র উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘এটাই সে ক্লাব, আমরা এমনটাই করে থাকি, এই হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

 সোলসারের মতে পিছিয়ে পড়েও হাল না ছাড়াটাই তার ক্লাবের বৈশিষ্ট্য। নরওয়েজিয়ান কোচের ভাষায়, ‘এটা গড়পড়তা ম্যানচেস্টার ইউনাইটেড রাত। আমাদের একটা কৌশল ছিল। ছেলেদের মাঝে একটা বিশ্বাস কাজ করছিল আর এটাই আমরা আশা করছিলাম। এটা সবার জন্য একটা গৌরবের বিষয়।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। তারা মনোযোগী ছিল এবং অনুশীলনে দেয়া সব নির্দেশনা হুবহু পালন করেছিল। মাঠে আমরা জানতাম রক্ষণে আমাদের ভালো করতে হবে।’