২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে শরণার্থীর সংখ্যা ১ লাখ হবে: কেরি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৪
 
যুক্তরাষ্ট্র আগামী দুই বছর আশ্রয় দেয়া শরণার্থীর সংখ্যা ১৫ হাজার করে বৃদ্ধি করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি আরো জানান, অতিরিক্ত এই শরণার্থী নেয়ার ফলে ২০১৭ সালে দেশটিতে আশ্রয়প্রাপ্ত মোট শরণার্থীর সংখ্যা এক লাখে গিয়ে দাঁড়াবে। খবর- আল জাজিরা ও রয়টার্সের।
 
আগামী বছর যুক্তরাষ্ট্র সারা পৃথিবী থেকে মোট ৮৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে। এখন দেশটিতে ৭০ হাজার শরণার্থী রয়েছেন। রবিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনারের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান কেরি।
 
গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে সিরিয়ার হাজার হাজার মানুষ ইউরোপে আশ্রয় চাওয়া নিয়ে দুপক্ষের বৈঠকের পর সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
 
আগামী দুই বছর অতিরিক্ত যে ৩০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় পাবেন তার মধ্যে অনেকই সিরিয়ার হলেও আফ্রিকার সংঘাতময় দেশগুলো থেকেও লোকজনকেও যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
 
এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে শরণার্থীদের আশ্রয় দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র 'সম্ভাব্য সন্ত্রাসীদের' জন্য দেশের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে বলে বিরোধী রিপাবলিকানদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।