ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় ঝোপঝাড়ে কুকুরের মুখ থেকে উদ্ধার করা শিশুটি ইনফেকশন শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিত্সকরা। তারা আরো জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল। সম্পূর্ণ সুস্থ হলে শিশুটির সার্জারি করা হবে।
ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, গত ৬ দিন ধরে ওই শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। শিশুটির শারীরিক অবস্থা ভাল থাকলেও তার ইনফেকশন ভয়টা এখনো কাটেনি। রক্তে ইনফেকশন দেখা দিয়েছে।
ইনফেকশন যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিশুটিকে গত বৃহস্পতিবার থেকে ২ মিলি করে দুধ খাওয়ানো শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত তা ১০ মিলিতে দাঁড়িয়েছে।
শিশুটির অবস্থা সম্পর্কে ঢামেকের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফ উল হক কাজল বলেন, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল। সম্পূর্ণ সুস্থ হলে তার সার্জারি করা হবে।
প্রসঙ্গত, রাজধানীর পুরাতন বিমানবন্দরের ভেতরে অবস্থিত ঝোঁপঝাড়ের ভেতর থেকে গত মঙ্গলবার দুপুরে নবজাতকটিকে উদ্ধার করা হয়। সেখানে ফেলে রাখা নবজাতককে একটি কুকুর কামড়াতে শুরু করলে পাশে খেলতে আসা কয়েক শিশু এগিয়ে যায়। কুকুরটি পালিয়ে গেলে নবজাতককে উদ্ধার করে শিশুরা। পরে শিশুদের চিত্কারে জাহানারা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা নবজাতকটিকে ঢামেকে নিয়ে আসেন।
