বাংলাদেশের ভেতর বিনিময়কৃত ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব পেতে আবেদন করার শেষ সুযোগ পাচ্ছেন। নভেম্বরের ১ তারিখের মধ্যে তাদেরকে এই আবেদন জানাতে বলেছেন ভারতের কোচবিহার জেলার এক কর্মকর্তা। খবর- টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের সংবাদ মাধ্যমটির খবরে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতের নাগরিকত্ব না নেয়ার জন্য ছিটমহলবাসীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ডিএম পি. উলগানঠানকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশের ভেতর যেসব ছিটমহল ছিল তার অনেক মানুষই ভারতের নাগরিকত্ব বেছে নেয়ার সুযোগ পাননি।
তিনি জানান, সম্প্রতি তিনি এমন কিছু মানুষের সাথে দেখা করেছেন যারা ভারতের নাগরিকত্ব বেছে নেয়ার সুযোগ পাননি। যাদের এমন অভিযোগ রয়েছে তাদেরকে তিনি ছবিসহ তার কাছে আবেদন করার পরামর্শ দিয়েছেন। আগামী ৫ ও ৬ অক্টোবর বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত কমিটির সভায় এই আবেদন উত্থাপন করার কথা জানান তিনি।
ওই বৈঠকে দুদেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেখান থেকেই নাগরিকত্ব বিনিময়ের বিষয়টি নিয়ে আলোচনা শেষ করা হবে। এর আগে গত জুলাই মাসে ছিটমহলবাসীদের নাগরিকত্ব বেছে নেয়ার সুযোগ দেয়া হয়েছিল।
