অভিবাসীরা ইউরোপের জন্য হুমকি: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ২২:৪৮
 
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেছেন, 'অভিবাসীরা ইউরোপের সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। আমাদের সীমান্তগুলো হুমকিতে রয়েছে ফলে এটি সারা ইউরোপের হুমকি।' সপ্তাহব্যাপী কূটনৈতিক তৎপরতার পর ঐক্যবদ্ধ ইউরোপীয় পদক্ষেপ প্রয়োজনীয় বলেও তিনি মন্তব্য করেছেন। খবর- বিবিসির।
 
ঐক্যমত্যের আহ্বান জানিয়ে ভিক্টর ওবরান বলেন, অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের 'দ্বার ভেঙে ফেলছে' এবং আরো লাখ লাখ মানুষ ইউরোপে আসাতে পারে।
IMG0
পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রীরা চেক রিপাবলিকের রাজধানী প্রাগ-এ বৈঠকে মিলিত হচ্ছেন। এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী গ্রহণের বাধ্যতামূলক কোটা মানার ঘোর বিরোধী। ইইউ ঘোষিত কোটা অনুযায়ী ইউরোপের দেশগুলোকে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক শরণার্থী গ্রহণ করতে হবে।
 
জার্মানি ও ফ্রান্স চায় শরণার্থীদের ভাগাভাগি করে নিতে দেশগুলোর মধ্যে আরো সমতা থাকা উচিৎ। উল্লেখ্য, আয়তন, জিডিপি, জনসংখ্যার ঘনত্ব, বেকারত্ব, জীবনমান এমন কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে কোন দেশ কত সংখ্যায় শরণার্থী নিবে তা ঠিক করে দিয়েছে ইইউ।
IMG1
'শরণার্থীদের চাপে আমাদের পদদলিত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারা শুধু আমাদের দরজায় করাঘাতই করছেনা, আমাদের ওপর দরজাও ভেঙে ফেলছে। আমাদের সীমান্তগুলো ঝুঁকিতে রয়েছে। হাঙ্গেরি ঝুঁকিতে রয়েছে ফলে এই ঝুঁকি সারা ইউরোপের।' সেনাবাহিনীর হাতে আরো ক্ষমতা দিতে পার্লামেন্টের একটি প্রস্তাব পাশ হওয়ার প্রাক্কালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী একথা বলেন।
 
সম্প্রতি দেশটি শরণার্থীদের স্রোত ঠেকাতে সীমান্তে বেড়া নির্মাণ করেছে। এমনকি প্রবেশ ঠেকাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে দেশটির সীমান্তে।