সব ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় ভোর রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হয়ে যাওয়ার কথা। আর নতুন কোনো বিপত্তি না ঘটলে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা তামিম ইকবালেরও। তামিমের মাঠে নামাটা আলাদা করে আলোচ্য হয়ে উঠেছে তার ইনজুরির কারণে।
প্রথম টেস্টের পর কুচকিতে ব্যথা পেয়েছেন তিনি। অন্যসময় হলে হয়তো এই ইনজুরির জন্য কিছুটা বিশ্রাম নিতেন তামিম। কিন্তু সময়টা একেবারেই প্রতিকূলে। একে তো সাকিব ও মুশফিককে হারিয়ে বাংলাদেশ দল এখন খর্ব শক্তির। তার ওপর দলে এখন বাড়তি কোনো ব্যাটসম্যানও নেই। তামিম বিশ্রামে গেলে তার বদলে খেলতে হবে দলে থাকা বাড়তি দুই স্পিনার নাঈম হাসান অথবা তাইজুল ইসলামকে। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হয়ে যাবে একেবারেই ছোট।
গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য আশার কথাই শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, তামিমের যে চোট, সেটা অনেকটাই কমেছে। এখন তামিম খেলার মতো অবস্থায়ই আছেন। তিনি আশা প্রকাশ করে বলছিলেন, ‘আমাদের পরিকল্পনা কি সেটি হয়তো বলা ঠিক হবে না। কারণ ইনজুরি তো খেলারই একটি অংশ। সেটি হয়ে গেলে তো আসলে করার কিছু থাকে না, তবে আমি আশাবাদী তামিমের ব্যাপারে। তার হয়তো হালকা নিগল আছে, তবে আশা করি সেটি ঠিক হয়ে যাবে। আর সে ব্যাটিং করবে এবং কন্ডিশনটি আশা করি ভালোই থাকবে। ও ব্যাটিং করলে বোঝা যাবে কতটা কমফোর্টেবল। তবে আমি আশাবাদী যে ও খেলবে।’
আগের দিন তামিমের চোট নিয়ে বলতে গিয়ে প্রধান কোচ স্টিভ রোডস বলছিলেন, তামিমের সামান্য যে ব্যথা আছে, সেটা নিয়েই খেলতে প্রস্তুত আছেন এই বাঁহাতি ওপেনার, ‘তামিম আজ হালকা কিছু কাজ করেছে। ওর সামান্য ব্যথা আছে। বড় কিছু নয়। সে ভালো অবস্থায় আছে। হ্যামিলটন টেস্টে ২০০-এর মতো রান করেছে। ও ভালো আছে। বাকীরাও ভালো আছে। আপাতত এ নিয়ে নতুন কোনো নাটকীয়তা নেই।’
তামিম জোর করে খেললেও মুশফিককে যে এই ম্যাচেও পাওয়া যাচ্ছে না, সেটা গতকাল আবারও নিশ্চিত করে দিয়েছেন অধিনায়ক রিয়াদ। মুশফিক তৃতীয় টেস্টে খেলবেন, এটা জানিয়ে রিয়াদ বলেছেন, ‘মুশিকে হয়তোবা এই ম্যাচটিতে পাচ্ছি না। তবে তৃতীয় টেস্টে অবশ্যই তাকে পাবো। যদিও সে আজকে আবার ব্যাটিং অনুশীলন করবে। যেহেতু হাতের ব্যথাটা এখনও আছে, সুতরাং রাবার বল, টেনিস বল দিয়ে সে নেটে ব্যাটিং করবে। এরপর আমরা জানতে পারবো যে ব্যথাটা কতটুকু। তবে সম্ভবত আমরা মুশিকে পাচ্ছি না। আশা করছি তৃতীয় টেস্টে তাকে পাবো।’
