দক্ষিণখানে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ২০:০০
 
রাজধানীর দক্ষিণখান থেকে সাগর হোসেন (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক ১৭ নম্বর টিনশেড বাসার তালার ভেঙে খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
 
পুলিশের ধারণা—চার-পাঁচ দিন তাকে হত্যা করা হয়েছে। সাগর হোসেন গাইবান্ধা জেলার জাহিদ মন্ডলের ছেলে। সাগর তার প্রথম স্ত্রী গয়া বেগমকে নিয়ে গত দুই মাস ধরে তিনি ওই বাসায় ভাড়া ছিলেন।
 
স্থানীয়রা জানান—মঙ্গলবার ওই বাসা থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তালা ভেঙে লাশটি উদ্ধার করে।
 
দক্ষিণখান থানার ওসি শামীম-উর রশীদ তালুকদার জানান—দুই মাস আগে প্রথম স্ত্রী গয়া বেগমকে নিয়ে তিনি ওই বাসা ভাড়া নেন। ৮-৯ মাস আগে সাগর লুকিয়ে আর একটি বিয়ে করেন। এ নিয়ে উভয় স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার পর প্রথম স্ত্রী নিখোঁজ রয়েছেন।
 
ওসি শামীম-উর রশীদ তালুকদার আরো জানান—ধারণা করা হচ্ছে—চার-পাঁচ দিন আগে তাকে মেরে খাটের নিচে লাশ রেখে দেয়া হয়। এ ছাড়া, চেহারা বিকৃত করতে এসিড জাতীয় পদার্থ মুখে ঢেলে দেয়া হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।