‘দুর্ভোগ হবে না সেটা বলা যাবে না’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২৮
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিন মাসের টানা বৃষ্টিতে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সারাদেশের সড়ক-মহাসড়ক মেরামত করেছি। সেই রাস্তা বৃষ্টিতে কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে। সে কারণে দুর্ভোগ হবে না, সেটা বলা যাবে না।’
 
মঙ্গলবার দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ১নং রেলগেটে বটতলায় ঢাকা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী, জাতীয় শ্রমিক লীগের তেজগাঁও শাখার সাবেক সভাপতি মো. সামছুল হক ( সামছু) বক্তব্য রাখেন।
 

ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা ওয়াদা করেছেন ঈদের তিন দিন আগে ও পরের তিন দিন পর্যন্ত সড়ক মহাসড়কে লরি ও ট্রাক চালাবেন না। শুধুমাত্র পশুবাহী ট্রাক, গার্মেন্টপণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক চলাচল করবে।’ মালিকরা ওয়াদা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।