আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আয়কর মেলা দেশে ব্যবসা ও করবান্ধব পরিবেশ তৈরি করেছে। এতে মানুষের কর ভীতি যেমন দূর হয়েছে, তেমনি রিটার্ন দাখিলের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমেছে। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বক্তব্য রাখেন। এতে এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালের মধ্যে নতুন আয়কর আইন পাস হবে। তখন করের বিষয়টি মানুষের কাছে আরো সহজবোধ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। আয়কর মেলার আয়োজন এর উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার ইতিবাচক পরিবর্তনের আশায় অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য করের মতো জটিল বিষয় নিয়ে মেলার আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী শীত মৌসুমে আরো একটি করমেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। সে সময় অধিকসংখ্যক করদাতা সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন,রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা পূরণে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। করসেবা অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে। সারাবছর কিভাবে করসেবা অব্যাহত রাখা যায়, এ নিয়ে এনবিআর ভাবছে বলে তিনি জানান।
উল্লেখ্য,সপ্তাহব্যাপী কর মেলা গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়। এবার সব বিভাগীয় ও জেলা শহর এবং ৮৬ উপজেলায় করমেলা অনুষ্ঠিত হয়।
