প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পুরান ঢাকাসহ ঢাকা মহানগরীতে কোনো রাসায়নিক গুদাম থাকতে দেবে না। এ ক্ষেত্রে কোনো বাধা সহ্য করা হবে না। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘নিমতলী ট্রাজেডির পরে চকবাজারে এধরনের দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা অবশ্যই রাজধানী থেকে গুদাম সরিয়ে দেব এবং এ ক্ষেত্রে আমরা কোনো বাধা মানবো না।’ প্রধানমন্ত্রী বলেন, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম স্থাপন করা যাবে না। রাসায়নিক ব্যবসায়ীরা তাদের শোরুম রাখতে পারবেন এবং সেখান থেকে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।’
শেখ হাসিনা বলেন, সরকার রাসায়নিক গুদামের জন্য পৃথক জায়গার ব্যবস্থা করবে, যাতে দাহ্যবস্তু সেখানে নিরাপদে রাখা যায়। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা রাসায়নিক গুদাম মালিকদের জন্য পৃথক জায়গা খুঁজছি এবং আমরা তাদের ব্যবসার ক্ষতি করতে চাই না।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। এ সময় ডিএনসিসি’র ২৬ কাউন্সিলর এবং ডিএসসিসি’র ২৪ জন কাউন্সিলর এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম গোলাম ফারুক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদের সদস্যগণ, ডিএসসিসি মেয়র, সংসদ সদস্যগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানান এবং ভোটদানের মাধ্যমে নগরবাসী তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, নগরবাসীর সেই আস্থা ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগরীকে সুন্দরভাবে সাজাতে আপনাদেরও দায়িত্বশীল হতে হবে, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানীদের জন্য সরকার ফ্ল্যাট নির্মাণ করবে। সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনার্সদের জন্য ফ্ল্যাট নির্মাণ করবে। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্লিনার্সদের জন্য ১৩টির মধ্যে ৪টি বহুতল ভবন নির্মাণ করেছি। ডিএনসিসি’র ক্লিনার্সদের জন্যও এ ধরনের ভবন তৈরি হবে।
