রাজধানীর ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আইনজীবী কাওসার আলম মিঠু (৩৫), আদালত স্টাফ আমিনুল হক, লিফটম্যান জাহাঙ্গীর হোসেন (৪৮), পেশকার সুমন (২৪), কাওসার (৩৫), আইনজীবী সোহাগ (৩৬), আইনজীবী আমিন (৩৫), আইনজীবী আইয়ুব আলী (৫৮), উমেদার জাহাঙ্গীর আলম সুমন (৪৭), আইনজীবী সুলতান আহমেদ (৩৮), আইনজীবী শামসুন নাহার ও সোয়াদ।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শামসুন নাহার ও তার সঙ্গে থাকা অন্য একজন নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় জেলা ও দায়রা জজের নাজির কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা জজ আদালতের ওই পাঁচতলা ভবনটি পুরান ভবন নামে পরিচিত। ভবনের পূর্ব পাশে থাকা একমাত্র লিফট দিয়ে বিচারপ্রার্থীরা ওঠানামা করতেন। গতকাল হঠাত্ করে এ লিফটটি ছিঁড়ে নিচে পড়ে। ছেঁড়া লিফটে ফ্যানগুলো খুলে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া আহত ব্যক্তিদের অনেকের জুতা, ব্যাগ, কোর্ট ফাইল, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ছিঁড়ে পড়া লিফটে রক্তের দাগও দেখা গেছে। আইনজীবীরা জানান, এই লিফটটিতে আগে অনেকবার যান্ত্রিক ত্রুটি হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ লিফটটিতে দীর্ঘদিন যাবত্ একরকম ঝুঁকি নিয়ে আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীরা ওঠানামা করে আসছিলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আহত আইনজীবীসহ অন্যদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে আহতদের চিকিত্সার বিষয়ে কথা বলেন। আহতদের সুচিকিত্সা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।
অপরদিকে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিত্সাধীনদের দেখতে যান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রী কর্তব্যরত চিকিত্সকদের নিকট আহতদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাদের সুচিকিত্সা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
তদন্ত কমিটি গঠন
লিফট দুর্ঘটনা তদন্তে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়, ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ উত্পল ভট্টাচার্য, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কাজী মাশফিক আহমেদ।
