চট্টগ্রামে বাসচাপায় নিহত ৩

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৪
 
চট্টগ্রামে বাসচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচায় পাওয়া যায়নি। 
 
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, বহদ্দারহাট থেকে কাঠগড়গামী ১০ নম্বর রুটের একটি বাস দেওয়ানহাট সেতু পার হয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পথচারীদের চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
 
তিনি আরো জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন।