ওবায়দুল কাদেরের হূদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:৫২

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের হূদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেওয়া          হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হূদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।

কাদেরের চিকিত্সায় গঠিত পাঁচ সদস্যের চিকিত্সক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বৃহস্পতিবার এ তথ্য জানান। ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিত্সকদের ডাকে সাড়া দিচ্ছেন। তিনি জানান, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে। ডা. রিজভী বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় আমি মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলেছি। মেডিক্যাল বোর্ড খুব সন্তুষ্ট। মেডিক্যাল বোর্ডের একজন ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন। চিকিত্সকের কথায় তিনি রেসপন্স করেছেন। তিনি বলেন, তার প্রেসার স্টেবল আছে। বাকি সব প্যারামিটারসও দিন দিন ভালো হচ্ছে। সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাতে আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টায় মাউন্ট এলিজাবেথের মেডিক্যাল বোর্ড আবার ব্রিফ করবে।

এর আগে ডা. ফিলিপ কোহ চিকিত্সার অগ্রগতি জানাতে তৃতীয় দিনের মতো ব্রিফ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, দলটির ফেনী জেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ।