সুঁতি বাঁধ দিয়ে মাছ নিধনের মহোৎসব চাটমোহরে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২২


চাটমোহর উপজেলার বিভিন্ন নদী ও বিলে অবৈধ সুঁতি বাঁধ স্থাপন করে মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য দফতরের প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ সুঁতি বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রচ্ছায়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন নদীর মাঝে, বিলের মুখে বাঁশ স্থাপন করে সুঁতি বাঁধ স্থাপন করেছে।

এদিকে সুঁতি স্থাপন করে মাছ নিধনের চললেও প্রশাসন এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সুতি বাঁধ স্থাপনের ফলে নৌ-চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি আগামী রবি মৌসুমে জমি আবাদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কৃষক পরিবার।

চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া কাটা জোলা, ডেফলচড়া, নিমাইচড়া ইউনিয়নের করকোলা, মির্জাপুর, চিনাভাতকুর, ছাওয়ালদহসহ গুমানী ও চিকনাই নদীর বিভিন্ন স্থানে সুঁতি বাঁধ স্থাপন করা হয়েছে। প্রতিবছরই স্থানীয় প্রশাসন ও মৎস্য দফতরের সঙ্গে আঁতাত করে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধ সুঁতি বাঁধ স্থাপন করে লাখ লাখ টাকার মাছ ধরে। জাল দিয়ে ছেঁকে মাছ তোলা হয়। এবারও ওই প্রক্রিয়া শুরু হয়েছে।