মহাসড়কে ধীরগতি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৬
 
ঈদের আগে শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এতে ট্রেন  ও লঞ্চের পাশাপাশি ভিড় বেড়েছে সড়ক পথেও। বুধবার যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কে এসেছে ধীরগতি।
 
মঙ্গলবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। আজ সকাল থেকেই মানুষের চাপ বাড়তে শুরু করে। বিকাল থেকেই আরো বেশি চাপ পড়তে থাকে।
সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় থেমে থেমে যানজটে পড়ছে ঈদযাত্রার যানবাহন।
 
নাওজোর মহাসড়ক ফাড়ির উপ-পরিদর্শক রাহার আলম জানান, ভোগড়া বাইপাস মোড় ও চান্দনা চৌরাস্তার পশ্চিমাংশে গাড়ির জটলা রয়েছে। যাত্রীর অপেক্ষায় বাসগুলো রাস্তার অনেকটা জুড়ে থেমে থাকায় জট তৈরি হচ্ছে।
 
অন্যদিকে ঘোড়াশাল-টঙ্গী এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সারি বড় হচ্ছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী।
 
এদিকে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহনে ধীরগতি দেখা গেছে। পাটুরিয়া ফেরি ঘাটে দুপুরে পাঁচশর বেশি যানবাহনকে ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
 
তবে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের চিত্র উল্টো। সেখানে ফেরিগুলোই বরং গাড়ির জন্য অপেক্ষা করছে।
 
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পাটুরিয়া-দৌলতদিয়ায় নয়টি রো রো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি (ছোট) ফেরি যানবাহন পারাপার করছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো চলাচলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।