ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩৪
আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ঝিনাইদহ সদরের খড়িখালী নামক স্থানে ইজি বাইক-মোটরসাইকেলের সংঘর্ষে রওশনারা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের চালকসহ দুইজন।
 
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। রওশনারা বেগম যশোর জেলার চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি ইজি বাইক যশোর থেকে মারগুরাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রওশনারা মারা যায়। আহত হয় তার ছেলে মোটরসাইকেলের চালক জামির হোসেন ও নাতনি সোনিয়া বেগম।
আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।