৫৪ বছর পর যশোর থেকে কলকাতায় ছুটল ট্রেন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২৩:০০

অবশেষে ৫৪ বছর পর যশোর জংশন থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে গেল যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেলে যশোর স্টেশনে যাত্রাবিরতি করে ৩১ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। প্রায় দেড় বছর আগে খুলনা-কলকাতা রুটে যাতায়াত শুরু করলেও এদিন থেকেই যশোরে যাত্রাবিরতি শুরু করল এই ট্রেন। এখন থেকে প্রতি বৃহস্পতিবার চলাচলকারী এই ট্রেনটি যাতায়াতের পথে যশোরে তিন মিনিট যাত্রাবিরতি করবে।

জানা যায়, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় ভারতের সঙ্গে যশোরাঞ্চলের রেল যোগাযোগ। ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস নামে ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকেই যশোরে যাত্রাবিরতির দাবি উঠে।

যশোর রেলওয়ে জংশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার পুষ্পল কুমার চক্রবর্তী জানান, প্রতি বৃহস্পতিবার খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ট্রেন যশোরে ৩ মিনিটের যাত্রাবিরতি করবে— যা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই জংশনের জন্য ২০০টি সিট বরাদ্দ আছে।