৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী জনতার মুক্তিসনদ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২৩:০০

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্বের মুক্তিকামী জনতার মুক্তিসনদ। তাই কৃষ্টি সংস্কৃতি রাজনীতিতে এ ভাষণটি পাঠ করলে শোষণের হাত থেকে জাতি নির্বিশেষে মুক্তি পাবে। তিনি গতকাল বৃহস্পতিবার  বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ৭ মার্চে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ভাষণটি ইতিহাসের মুক্তিকামী জনতার মাইলফলক। এ ভাষণটি অর্থনৈতিক মুক্তিরও একটি দিক নির্দেশনা। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে দলটির নগর প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দলটির নগর সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ।