ছায়া মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৫, ০৩:০১
 
প্রথমবার এমপি নির্বাচিত হয়ে  লেবার ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হয়েছেন টিউলিপ সিদ্দিক। শুক্রবার সন্ধ্যায়  টিউলিপ সিদ্দিক তাঁর ব্যাক্তিগত টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ সেপ্টেম্বর লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর রবিবার ছায়া মন্ত্রীপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন জেরেমি করবিন।
 
শুরু থেকেই নানা ঘটনার জন্ম দিচ্ছেন জেরেমি করবিন। ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম এমপি রোশনারা আলী প্রথম বার এমপি নির্বাচিত হয়ে স্যাডো ইডুকেশন মিনিস্টারের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এবারের ছায়া মন্ত্রীসভায় বাঙালি কাউকে নিয়োগ দেয়া হয়নি। দীর্ঘ দুই সপ্তাহ পরে ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রী দায়িত্ব পেলেন টিউলিপ। 
 
ব্রিটেনের ৫৬ তম সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর বড় মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। চলতি বছর ৭ মে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন  টিউলিপ। টিউলিপ সিদ্দিকী পেয়েছিলেন  ২৩ হাজার ৯৭৭ ভোট। আর কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। এ আসনে এবার ভোট পড়েছে ৬৭ দশমিক ৩ শতাংশ।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।