স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার, তার পরিবার ও ব্যবসা সংক্রান্ত ৪৮ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে ব্রাজিলের একটি আদালত।
সাও পলোর ফেডারেল কোর্ট জানিয়েছে, ২৩ বছর বয়সী এ তারকা খেলোয়াড় ২০১১-২০১৩ মৌসুমে ব্রাজিলে ১৬ মিলিয়ন ডলারের বেশি কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
বিচারক কার্লোস মুতা এক বিবৃতিতে বলেন, নেইমার তার হিসাব বিবরণীতে ৫ মিলিয়ন ডলারেরও কম সম্পদের কথা উল্লেখ করেছেন।
তবে ব্রাজিলের কেন্দ্রীয় ট্যাক্স এজেন্সির এক অডিটর ইয়াগারো জাং মার্টিনস বলেছেন, ফাঁকি দেয়া অর্থ জমা দিলে নেইমারকে জেলে যেতে হবে না।
মার্টিনস বলেন, জব্দকৃত সম্পদের বিষয়ে সিভিল কোর্টে যেতে পারবেন তিনি। তবে এ বিষয়ে ব্রাজিলের বিদ্যমান আইন খুব শক্তিশালী নয়। তার কাছে পাওনা অর্থ জমা দিলে অন্য যে কোন ধরনের শাস্তি থেকে নেইমারের মুক্তি পাওয়ার সম্ভাবনাই বেশি।
নেইমারের বাবা নেইমার দা সিলভা সান্তোস কর ফাঁকির এই অভিযোগকে ‘অবিচার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নেইমার জুনিয়র ঐ সকল কোন কোম্পানির অংশীদার নয়। সে এমন কিছুর ঘোষণা দিতে পারে না— যার মালিকানা তার নেই।
সিনিয়র নেইমার দবি করেছেন, ব্রাজিলের ট্যাক্স এজেন্সি তার ছেলের ট্যাক্স ফাঁকির বিষয়টি বুঝতে পারছে না। এমনকি আদালতও তার ছেলের মামলাটি শুনতে চায় না বলেও দাবি করেন নেইমারের বাবা।
ব্রাজিলের সান্তোস থেকে ২০১৩ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। নেইমারকে চুক্তি করিয়ে বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেপ বার্তোমেউ এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেল মিলিয়র মিলিয়ন কর ফাঁকি দিয়েছে বলে গত মে মাসে অভিযোগ করেছিল বার্সেলোনার একটি আদালত।-বাসস।
