স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়েছেন। বাংলাদেশ এখন দুর্বার গতিতে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। জঙ্গি তত্পরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামে শেখ রাশেদ বিন মোহাম্মদ রাশেদ আল মাকতুম (রা.) ইয়াতিমখানার নব নির্মিত ৪তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রাশেদ আল মুকতারাম হুমানি তারেন অ্যান্ড চ্যারিটি ইস্ট সংস্থার অর্থায়নে ২৭ হাজার বর্গফিটের ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরী, আরব আমিরাতের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা সালেহ আলী আব্দুর রহমান আব্দুল্লাহ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এ. আর. খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা প্রমুখ।
