ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিন কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন—বাবলু মল্লিক (৭০), সাইফুল ইসলাম (২৫) ও শাহিন বাহাদুর (২৫)। ঢামেক মর্গে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ঢামেক হাসপাতাল সুত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন বাবলু মল্লিক। ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং ২৫৬৫/এ।
শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন সাইফুল ইসলাম। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার কয়েদি নং ৭৬/১৮। জানা গেছে, তার গ্রামের বাড়ি মৌলভিবাজারের শমসের নগরে।
এ দিকে, গত শনিবার রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাহিন বাহাদুর নামের এক হাজতি মারা যান। তার বাবার নাম ফজলুল হক। শাহিনের হাজতি নং ২৩৬২৬/১৫।
