রাজধানীসহ দেশব্যাপী ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রযোজ্য রয়েছে। তবে এ ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথ ভ্যাট আদায় নিয়ে প্রশ্ন রয়েছে। এ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আদায়ে সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে অভিযান জোরদার করছে মাঠ পর্যায়ের ভ্যাট অফিসগুলো। এ অভিযানে কিছু প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয় উদঘাটিত হয়েছে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, তারা রাজধানীর মিরপুরে অবস্থিত মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন খরচের উপর ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি। ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির নথি পর্যালোচনা করে প্রায় ৪৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি বের করা হয়। এছাড়া ২০১৮ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টিউশন ফি’র উপর আরো প্রায় ৩২ লাখ টাকার ভ্যাট ফাঁকির ঘটনা বেরিয়ে আসে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান ইত্তেফাককে বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফি’র উপর বর্তমানে ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করলেও সরকারের কোষাগারে জমা দেয়নি। গত ৬ মার্চ ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির নথিপত্র জব্দ করে ৮০ লাখ টাকার উপরে ভ্যাট ফাঁকির ঘটনা উদঘাটন করেছে।
