চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের পর টাস্কফোর্সের রাসায়নিক গোডাউন উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার সপ্তম দিনের মতো অভিযান চালিয়ে আরো ১৫টি ভবনের পরিষেবা (গ্যাস, বিদ্যুত্ ও পানির লাইন) বিচ্ছিন্ন করে দিয়েছে অভিযানকারী টিম। এ নিয়ে গত সাত দিনে মোট ১১৭টি ভবনের পরিষেবা বিচ্ছিন্ন করার তথ্য পাওয়া গেছে। গতকালের অভিযানের সময় আরো ছয়টি প্রতিষ্ঠানের মালিককে কারখানা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
টাস্কফোর্স সূত্র জানায়, গতকাল সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ডিএসসিসির টাস্কফোর্স এর পাঁচটি টিম অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযানের সময় ২৭ নম্বর ওয়ার্ডসহ হোসেনি দালান ও নাজিম উদ্দিন রোডের পলিথিন এবং প্লাস্টিক কারখানার ৭টি ভবনের পরিষেবা বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে অপর একটি টিম ২২ নম্বর ওয়ার্ডসহ কালুনগর, ভাগলপুর, নিলাম্বর সাহা রোড ও হাজারীবাগ রোড এলাকায় অভিযান চালিয়ে আরো ৫টি কারখানার পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া অপর টিমগুলো বেলা ২টার মধ্যে ৩৪ নম্বর ওয়ার্ডসহ নর্থ সাউথ রোড ও সিদ্দিক বাজার এলাকায় পরিচালিত অপর অভিযানে মোট তিনটি গুদামের সংযোগ বিচ্ছিন্ন করেছে।
এসব অভিযানের সময় ৩৭ নম্বর ওয়ার্ডসহ ইসলামপুর, ওয়াইজঘাট ও নারায়ণ লেনের ছয়টি প্রতিষ্ঠানের মালিককে কারখানা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
