অনেকটা চমক দিয়েই শুরু হলো বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রচারণা। আগামী ২১ ও ২২ নভেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কানাডার বাংলা পত্রিকা সাপ্তাহিক বাংলামেইলের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এই আনন্দ আয়োজন।
গত ৫ সেপ্টেম্বর পার্কওয়ে শেরাটন হোটেলের ফোবানার মঞ্চে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বাংলামেইল প্রকাশক ও বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৫ এর চেয়ারম্যান রেজাউল কবির।
IMG0
বাংলামেইল সম্পাদক ও ফেস্টিভ্যালকনভেনর শহিদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রচারণা ব্যানার অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের কানাডা প্রতিনিধি সাইফুল্লাহ মামুদ দুলাল, দেশে বিদেশে সম্পাদক নজরুল মিন্টো, ভোরের আলোর নির্বাহী সম্পাদক জসিম মল্লিক, বাংলামেইলের বিজ্ঞাপনদাতাদের পক্ষে রিয়েল এষ্টেট এজেন্ট রবিন ইসলাম ও রাসেল সিদ্দিকী।
এদিকে গত বছরের মতো এবারও টরন্টো থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক 'বাংলা মেইল' সেরা কমিউনিটি সংবাদপত্রের সম্মাননা পেলো। সেই সাথে চাইনিজ 'ইপোক টাইমস', ভারতীয় 'এশিয়ান কানেকশন্স' এই কৃতিত্ব অর্জণ করে। গত ২৯ আগস্ট সন্ধ্যায় হেরিটেজ বিয়ন্ড বর্ডারস আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন ড্যান হ্যারিস এমপি।
IMG1
এই উৎসবে অংশ নেবেন সঙ্গীত তারকা কুমার বিশ্বজিত, চন্দন সিনহা, মৌটুসী, চিত্র নায়ক ফেরদৌস, নায়িকা নিঝুম ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী নিলুফার বানু লিলি। ধ্রুপদী নৃত্য পরিবেশনায় থাকবে নৃত্যশিল্পী মৈত্রী সরকার, নিয়াজ মালেক নাদভী ও শাম্মী। উপস্থাপনা করবেন আনজাম মাসুদ। বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে বাংলামেইলের দুই সম্পাদকীয় উপদেষ্টা কবি, লেখক ইকবাল হাসান ও চিত্রশিল্পী, লেখক সৈয়দ ইকবালকে সংবর্ধনা দেয়া হবে।
