'এসডি আহমেদ ছিলেন প্রগতিশীল আন্দোলনের সংগঠক'

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এসডি আহমেদের মৃত্যুতে দেশ শুধু একজন ভাষাসংগ্রামীকেই হারায়নি, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক আন্দোলনের একজন সংগঠককে হারিয়েছে। তিনি রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসংগ্রামী এসডি আহমদের মরদেহে শ্রদ্ধা নিবেদনকালে এ কথা বলেন।

তিনি এসডি আহমদের সংগ্রামী জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নেয়ার এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।
এ সময় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভাষাসংগ্রামী ও প্রবীণ কমিউনিষ্ট নেতা কমরেড কর্নেল (অব.) শরফুদ্দিন আহমদ (এসডি আহমদ) ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে ১৯৫১-৫২ সালে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯২২ সালে ঢাকা জেলার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ২৬ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বাসস।