দৈনিক নিউ এজের সহযোগী সম্পাদক হুমায়ুন জামান ইন্তেকাল করেছেন। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সমরিতা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
সোমবার বিকাল ৩টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে তার বাবার কবরে দাফন করা হয়। এর আগে বাদ জোহর গ্রিন কর্নার জামে মসজিদে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
হুমায়ুন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন। মাত্র ২২ বছর বয়সে তিনি দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। তিনি বাংলাদেশ টাইমস, মর্নিং নিউজ, নিউ নেশন ও ইনডিপেন্ডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। আট ভাইবোনের মধ্যে তিনি বড় ও আজীবন অবিবাহিত ছিলেন।
তার পিতা মো. আনিসুজ্জামান ১৯৯৭-১৯৯৮ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাদা মওলানা আহমেদ আলী অবিভক্ত ভারতবর্ষের কলকাতাভিত্তিক দৈনিক নবযুগের সম্পাদক ছিলেন।
