রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের ৬ সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবিতে শাহজালাল (৩৫) নামে এক যাত্রী ও ট্রলারের মাঝিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন শাহজালালের স্ত্রী শাহিদা (৩০), মেয়ে মীম (৮), ছেলে মাহী (৬), ভাগ্নি জামশিদা (২০), জামশিদার স্বামী দেলোয়ার হোসেন (৩৫) এবং তাদের ৩ মাসের এক শিশু।
সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রাত ১০টার দিকে লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে সুরভী-৭ নামে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য ব্যাকগিয়ার দেয়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রলার লঞ্চের নিচে পড়ে যায়। লঞ্চের ব্যাকগিয়ারের কারণে সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ট্রলারের যাত্রীরা ডুবে যায়। ট্রলারের যাত্রী শাহজালাল ও মাঝি উদ্ধার হলেও লঞ্চের পাখার আঘাতে তারা ক্ষতবিক্ষত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন থেকে দুটি ডুবুরি ইউনিট গিয়ে নিখোঁজদের সন্ধানে নামেন।
নিখোঁজদের পারিবারিকসূত্র জানায়, শাহজালাল পেশায় একজন দর্জি। কামরাঙ্গীরচরে সপরিবারে তিনি ভাড়া থাকেন। তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। গ্রামের বাড়িতে লঞ্চে যাওয়ার জন্য তারা কামরাঙ্গীরচর থেকে ট্রলারযোগে সদরঘাটে আসছিলেন। সুরভী-৭ লঞ্চের খামখেয়ালিপনায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নৌ পুলিশের সদরঘাট থানার ওসি।
