ইউরোপের নজিরবিহীন সমালোচনার মুখে সৌদি আরব

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০০:৫৫

মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতনের প্রশ্নে নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। ইইউ জোটের সবগুলো দেশ গতকাল একটি যৌথ বিবৃতি দিয়েছে। জেনেভাতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের সবগুলোসহ মোট ৩৬টি দেশ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে। এর আগে কখনো ইউরোপীয় ইউনিয়নের সবগুলো দেশ একসাথে সৌদি আরবের নিন্দা করেনি। অধিকাংশ পশ্চিমা দেশ এতদিন পর্যন্ত সৌদিদের প্রকাশ্য সমালোচনা থেকে নিজেদের বিরত রেখেছে। ইউরোপীয়দের যুক্তি ছিল - মধ্যপ্রাচ্য একটি জটিল ও বিপজ্জনক অঞ্চল। এই অঞ্চলের ঝুঁকি মোকাবেলায় সৌদি আরবের সহযোগিতা দরকার। তাই তাদের চটানো ঠিক হবে না।

তবে ধারণা করা হচ্ছে, ইউরোপের সেই মনোভাব বদলে গেছে। নজিরবিহীন এই নিন্দা প্রস্তাব এমন সময় করা হলো যখন সৌদি যুবরাজ বিন সালমান বেশ কিছুদিন ধরে তার দেশে সামাজিক উদারীকরণের প্রতিশ্রুতি প্রচার করে চলেছেন। এমনকি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন তিনি। কিন্তু তারপরও এ ধরনের বিবৃতি থেকে বোঝা যায় সৌদি আরবে মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন এবং সাংবাদিক জামাল খাসোগির নির্মম হত্যাকান্ড নিয়ে আন্তর্জাতিক মহল ভীষণ উদ্বিগ্ন। আটকদের মধ্যে কয়েকজন নারীও আছেন। যৌথ বিবৃতি প্রকাশের সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আইসল্যান্ডের প্রতিনিধি কর্তৃপক্ষের হাতে আটক সৌদি মানবাধিকার কর্মীদের নাম ধরে ধরে তাদের মুক্তির দাবি করেন।