জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গত মাসে জঙ্গি হামলার পর থেকে তুমুল উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ মার্চ ওয়াগা-আটারি সীমান্তে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। তবে আলোচ্যসূচিতে কাশ্মীর ইস্যু থাকবে না বলে জানা গেছে।
এদিকে পাকিস্তান জানিয়েছে লাহোরের একটি শিখ মন্দিরে ভারতীয়দের ভ্রমণ নিয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল ওই দিন ভারতে সফর করবেন। আর পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রদূত সোহাইল মাহমুদ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। দুইদিনের মধ্যেই আমাদের রাষ্ট্রদূত নয়াদিল্লী ফিরে যাবেন। এরপরই দুই দেশের বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে সাহায্য করায় যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
জইশকে ব্যবহার করেছে আইএসআই: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ বলেছেন, ভারতে হামলা চালাতে জইশ-ই-মুহাম্মদকে ব্যবহার করেছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই। এই জঙ্গিরা তাকে দুইবার হত্যার চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। পারভেজ মোশাররফ বলেন, এত কিছু সত্ত্বেও এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে নিজের অক্ষমতাও স্বীকার করেন তিনি। খবর ডন ও এনডিটিভির।
