ঢাকায় ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ এ তথ্য জানিয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে কূটনীতিক পাড়ায় তাবেলা তেজার (৫০) নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এ খবর প্রকাশ করা হয় ওই ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর গুলশানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইটালির নাগরিক তাবেলা তেজার নিহত হন। তিনি হল্যান্ড ভিত্তিক আইসিসিও (ইন্টারচার্চ কো-অর্ডিনেটশন কমিশন ডেভোলপমেন্ট অর্গানাইজেশন) নামে একটি উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। গুলশান-১ এর ৩০ নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে আইসিসিও’র অফিস।IMG0
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, তাবেলা তেজার সান্ধ্যকালীন জগিং করছিলেন। তিনি ৯০ নম্বর সড়কের ফুটপাত দিয়ে হাঁটার সময় গুলিবিদ্ধের শিকার হন। একজন অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। এসময় রাস্তায় একটি মোটরসাইকেলে দুই যুবক অপেক্ষা করছিলেন। গুলির পর ওই যুবক মোটরসাইকেলে থাকা দুই যুবকের সাথে পালিয়ে যায়।
