কুমিল্লায় যৌতুকের দাবিতে আছমা আক্তার (২৫) নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে ওই নববধূর স্বামী নজির আহমদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার মনিপুর গ্রামের মমতাজ মিয়ার বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মনিপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে নজির আহমদ তার প্রথম বিয়ের কথা গোপন রেখে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণপুর গ্রামের নুরুল আমিনের মেয়ে আছমা আক্তারকে গত দুই মাস আগে বিয়ে করে।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের সময় যৌতুক হিসেবে ৬৫ হাজার টাকার মালামাল দেয়া হলেও পরবর্তীতে আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামীর বাড়িতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সোমবার রাতে নজির আহমদ, তার প্রথম স্ত্রী হাছিনা খাতুনসহ পরিবারের লোকজন আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ স্বামীর ঘরের শয়নকক্ষের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আইয়ুব জানান, এ ঘটনায় নিহতের পিতা নুরুল আমিন বাদী হয়ে আছমার স্বামী নজির আহমদ, তার বাবা মমতাজ মিয়া, মা ফজিলতেন নেছা, হাছিনা খাতুন, আমেনা খাতুনসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
