আসাদের ভবিষ্যৎ নিয়ে একমত নয় ওবামা-পুতিন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩১
 
সিরিয়া সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠক করেছেন। সোমবার এই বৈঠকে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারা দু’জনেই সিরিয়া সংকট সমাধান প্রশ্নে পরস্পর বিরোধী বক্তব্য দেন। এক্ষেত্রে ওবামা শিশুদের হত্যাকারী স্বৈরাচারী শাসক হিসেবে আসাদকে চিহ্নিত করেন। অপরদিকে পুতিন বলেন, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বের উচিৎ হবে আসাদকে সহযোগিতা করা।
 
রাশিয়ার নেতা আইএস বিরোধী যুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এক্ষেত্রে আসাদের বাহিনীর প্রতি তার সমর্থন জোরদার করার পরিকল্পনা রয়েছে এবং তিনি বিমান হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি।
 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ দুই প্রেসিডেন্ট তাদের বক্তব্য দেয়ার পর জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে মধ্যাহ্ন ভোজের সময় করমর্দন করলেও তাদের অবস্থানের ক্ষেত্রে বিরাট পার্থক্য গোপন করতে পারেননি। সূত্র: এএফপি