খালেদা জিয়ার ষড়যন্ত্র আর সফল হবে না: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৩৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতই ষড়যন্ত্র করুন না কেন, তার স্বপ্ন বাস্তবায়িত হবে না। দেশে-বিদেশে তার কোন ষড়যন্ত্রই আর সফল হবে না।
 
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, সাংবিধানিক পথে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সংবিধানের ব্যত্যয় সরকার ঘটাবে না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
ত্রাণমন্ত্রী বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি জামায়াতকে সাথে নিয়ে বিগত জাতীয় নির্বাচনের আগে-পরে জ্বালাও পোড়াও আন্দোলন করেছে। তারা কোরআন শরীফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে। এ আন্দোলন করেছে তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। তিনি বলেন, দেশের অগ্রগতি ও গণতন্ত্র নস্যাৎ করার জন্য এখনো দেশি-বিদেশিরা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবার সতর্ক থাকতে হবে। 
 
আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের নেতা রোকন উদ্দিন পাঠান প্রমুখ।