স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ইতালীয় নাগরিক হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।’ তিনি বলেন, ‘এ রকম বিচ্ছিন্ন ঘটনা উন্নত বিশ্বেও ঘটে থাকে। আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবার প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আগামী ৩ অক্টোবর বেলা একটা ৩০ মিনিটে শেখ হাসিনাকে এই সংবর্ধনা দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে রাজধানী ঢাকাসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর লক্ষ্যে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সাতটি রুট চূড়ান্ত করা হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করার জন্য রাজপথে শরিক হতে দেশবাসীর প্রতি তিনি আহবান জানান।
খবর বাসসের।
