যুক্তরাষ্ট্র ও জার্মানিতে প্যাটেন্ট নিয়ে চলমান ১৮টি মামলা তুলে নিচ্ছে মাইক্রোসফট ও গুগল। এর মধ্য দিয়ে প্যাটেন্ট নিয়ে চলে আসা দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে প্রতিষ্ঠান ২ টির মধ্যে। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে মাইক্রোসফট ও গুগল।
বর্তমানে দুটি প্রতিষ্ঠানের মধ্যে ওয়াইফাই প্রযুক্তি, মোবাইল ফোন এবং এক্সবক্স প্যাটেন্ট নিয়ে বিভিন্ন মামলা চলছে। এর পাশাপাশি মটোরোলা মোবিলিটি সংক্রান্ত মামলাও রয়েছে এখানে। আর নতুন এই ঘোষণার মাধ্যমে এসব মামলার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এক যৌথ বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানিয়েছে, গুগল এবং মাইক্রোসফট বিভিন্ন প্যাটেন্ট নিয়ে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং গ্রাহকদের বৃহত্তর স্বার্থে এর বাইরেও আরও কিছু বিষয় নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা করছে। তবে দুটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই কিছু বিষয়ে একসাথে কাজ করতে শুরু করেছে বলেও জানানো হয়। এর মধ্যে আছে ইন্টারনেটে দ্রুতগতির ভিডিও দেখার প্রযুক্তিও যা সবার জন্যই উন্মুক্ত থাকবে।
