মন্ট্রিয়লে রুমার ‘রাত জোনাকি’র প্রকাশনা উৎসব

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ২১:০১
কন্ঠশিল্পী দেবপ্রিয়া কর রুমার ‘রাত জোনাকি’র প্রকাশনা উৎসব ও সঙ্গীত সন্ধ্যা হয়ে গেলো মন্ট্রিয়লের  লা ভোঁয়া স্কুল অডিটোরিয়ামে। বিপুল সংখ্যাক প্রবাসীর উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানে ‘রাত জোনাকি’র উদ্বোধন করেন ছড়াকার লুৎফর রহমান রিটন এবং সমাজসেবক রীতীশ চক্রবর্তী। সিবিএনএ থেকে জানা যায়, এই সিডি এ্যালবামের কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা।
 
প্রধান অতিথির ভাষণে লুৎফর রহমান রিটন বলেন, ‘গলা পৃথিবীতে দু’প্রকার হয়, খাওয়ার ও গাওয়ার গলা। ঈশ্বর খাওয়ার গলা আমাকে  আর গাওয়ার গলা রুমাকে দিয়েছেন। রুমা তুমি খুবই ভাগ্যবতী। সঙ্গীত মানুষকে নিয়ে যায় আত্মার কাছে। সঙ্গীত শিল্পী হচ্ছে মানুষের আত্মার আত্মীয়। রুমাও সে অর্থে আত্মার আত্মীয়।‘
 
অনুষ্ঠানে দেবপ্রিয়া কর রুমার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন শফিউল ইসলাম, নীলেশ ভট্টাচার্য, তৃপ্তি দাস, মনিকা মনি, সোমা চৌধুরী,ভেলিন্টিনা ভৌমিক ও অনুজা দত্ত। কবিতা আবৃত্তি কনেন শামসাদ রানা, আফাজ উদ্দীন তোতন, মুফতি ফারুখ এবং সঞ্জিব দাস উত্তম। আলোচনায় অংশগ্রহণ করেন নির্মলেন্দু কর মানিক, মায়া কর, মুনাল পিংকু,  দীপক ধর অপু, মোস্তাফিজুর রহমান লাভলু, সাংবাদিক গোপেন দেব ও দেবপ্রিয়া কর রুমা।
 
উল্লেখ্য, রুমা মন্ট্রিয়ল প্রবাসী হলেও সঙ্গীত জগতে তার ব্যাপ্তি স্বদেশেও। প্রবাসে আসার আগে রুমা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী ছিলেন।