ধর্মপাশায় পিইসি পরীক্ষায় আনন্দ স্কুলের ২০ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার দ্বিতীয় দিন গত সোমবার ২টি কেন্দ্র থেকে ২০ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীরা সকলেই উপজেলার রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রক্স) প্রকল্পের ‘আনন্দ স্কুলের’ শিক্ষার্থী বলে জানা গেছে।

‘আনন্দ স্কুলের’ পরীক্ষার্থীদের বদলে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় ও সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার প্রথম দিন থেকেই বহিরাগত শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেওয়ানো হচ্ছে—এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আনন্দ স্কুলের পরীক্ষার্থীদের প্রবেশপত্র জব্দ করার নির্দেশ দেন। পরে ইউএনও পৃথক পৃথকভাবে দুটি কেন্দ্রে গিয়ে জব্দকৃত প্রবেশপত্র যাচাই-বাছাই করে ফাতেমানগর আনন্দ স্কুলের ৭ জন, আতকাপাড়া আনন্দ স্কুলের ২ জন, ধর্মপাশা উত্তরপাড়া আনন্দ স্কুলের ১ জন ও মাটিকাটা আনন্দ স্কুলের ১০ জনসহ মোট ২০ জন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন।

শিক্ষার্থীরা জানায়, সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জনপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা করে পরিশোধ করা হবে জানানো হয়েছিল। রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর (টিসি) সোহেলী আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করার বিষয়টি তিনি শুনেছেন। কোনো প্রকার অনিয়মের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, এ ব্যাপারে উপজেলা রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর টিসি ও অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।