সিরিয়ার রাশিয়ান বাহিনীর বিমান হামলা সমস্যা আরো ঘনীভূত করবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজ। এতে সেখানে সমস্যার সমাধানের পথ আরো দীর্ঘায়িত হবে বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনী লড়াই করছে। সেই লড়াইয়ে এখন যোগ দিয়েছে রাশিয়াও। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তা এই বিষয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট সংবাদ সম্মেলনে বলেন, বিচ্ছিন্নভাবে সিরীয় প্রতিপক্ষদের উপর সামরিক অভিযান রাশিয়ার জন্য বিপদজনক। এটা শুধু সিরিয়ার মধ্যে জাতিগত দ্বন্দটা আরো দীর্ঘায়িত করবে। এছাড়া এতে রাশিয়া এই সংকটের গভীরে নিমজ্জিত হবে।
ওই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বহুজাতিক সেনাবাহিনীর অবস্থানে সিরিয়ায় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাতে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে না পড়ে। এই ইস্যুতে ধারাবাহিক বৈঠকের প্রথমটি ছিল এটি। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লেভরভ জানিয়ে ছিলেন, সিরীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে নয় বরং মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মতোই তাদের লক্ষ্য ইসলামিক স্টেট ও আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। সূত্র: বিবিসি
