সাতক্ষীরায় ৭ কেজি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৫:৪৮
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে জহুরুল ইসলামের বাড়ি থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক প্রায় আড়াই কোটি টাকা।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের জহুরুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণের বার মজুদ করে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে  জহুরুল ইসলামসহ চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।