কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে ফিলিপনগর চাইপাড়া নামক স্থানে পদ্মা নদীতে তারা তলিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিপনগর মাঠপাড়া গ্রামের আ. রহমানের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সাহবাজ (১৩) ও একই গ্রামের মৃত মন্টু মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র মিনারুল (১১) সহ ৫/৬ জন চাইপাড়া নামক স্থানে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় মিনারুল পানিতে তলিয়ে যেতে থাকলে সাহবাজ তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। তাদের সহপাঠী রিমন জানায়, দুজনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা পালিয়ে আসে। এদের স্বজন ও এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বিকাল চারটা পর্যন্ত কোন সন্ধান পায়নি।
