মাটিরাঙ্গায় বাস উল্টে নিহত ১, আহত ২৫

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৯:২১
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বড়নালে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে মাটিরাঙ্গার তাইন্দং ও আশপাশের গ্রামের বাড়িতে আসা গার্মেন্ট শ্রমিকরা একটি রিজার্ভ বাস নিয়ে কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে সকালে তাইন্দং থেকে ছেড়ে যায়। বাসটি তবলছড়ি মাটিরাঙ্গা সড়কের পুরান বড়নাল এলাকায় উঁচু পাহাড়ি রাস্তায় উঠার সময় চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে রাস্তার পাশে প্রায় ৩০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী মো. কবির হোসেন (৩৩) ঘটনাস্থলে মারা যান। তিনি তাইন্দং এর নোয়াপাড়ার সাফর আলীর পুত্র ও গার্মেন্ট শ্রমিক ছিলেন। আহত হয় কমপক্ষে ২৫ নারী-পুরুষ। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়।
 
কবির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।