ভারতে মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ২২:৩০
 
ভারতে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মহান এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন দেশটির জনগণ। ভারতের নেতৃবৃন্দও গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনটি ভারতে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। ১৮৬৯ সালের এদিন জন্মগ্রহণ করেছিলেন এই নেতা। গান্ধীর জন্মদিন উপলক্ষে সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
 
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী রাজঘাটে জাতির জনকের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যান্যের মধ্যে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী এম ভেনকাই নাইড়ু, বিজেপি নেতা এল কে আদভানি, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান্ধীর প্রিয় প্রার্থনা সংগীতও বাজানো হয়। গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী, বিদেশী ও সাধারণ মানুষ রাজঘাটে জড়ো হন। -বাসস