ঝড়ে ঝিনাইদহের মহেশপুরের উজ্জলপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের বাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুরে হঠাৎ এক ঝড়ে তার ঘর-বাড়ি তছনছ হয়ে যায়। এছাড়া ওই গ্রামের ওসমান মহুরীসহ আশপাশের অনেকের বাড়ির গাছপালার ভেঙ্গে গেছে।
জানা যায়, উপজেলান ১০নং নাটিমা ইউপির উজ্জলপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের স্ত্রী অজুফা বেগম তার ২টি মেয়েকে নিয়ে কোনো রকমে টিনের ছাউনি ও পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। দুপুরে হঠাৎ এক ঝড়ে তার ঘর-বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে যায়। এতে বাড়ি ও আসবাবপত্রের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়।
অজুফা বেগম জানান, তার বড় মেয়ে অনার্সের ২য় বর্ষের ছাত্রী এবং ছোট মেয়েটি বাক প্রতিবন্ধী। তিনি ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটার কাজ করেন। স্বামীর মুক্তিযোদ্ধার ভাতার ওপর ২ সন্তানকে নিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করেন। বাড়ি ভেঙ্গে যাওয়ায় হতাশা হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি। খবর পেয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারটিকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে উপজেলা ত্রান ও পুনর্বাসন প্রকল্প অফিস থেকে শেখ মোজাম্মেল হোসেন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির একটি বিবরণ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।
